নিজস্ব প্রতিবেদক : আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখন তারা। এসময় রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ থাকে। সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষে ঢাকাসহ অন্যান্য শহরে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
স্থানীয়রা দাবি করেন, নন্দনগাছি স্টেশনে অন্তত চারটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার প্রয়োজন। দাবি না মানলে আবারো ২০ জুন রেলপথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তিনি নিজে গিয়ে অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের রাজি করান।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম গণমাধ্যমকে জানান, তাদের দাবিগুলো শুনেছি। কিন্তু ঈদের সময় এভাবে যাত্রীদের ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। অবরোধের কারণে ঢাকাগামী অন্তত তিনটি ট্রেনের সিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।


















