নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-মনাকষা রোডের পাগলা নদীর ওপর নির্মাণাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী । রোববার (১৮ মে) বিকেলে তিনি এই ব্রীজ পরিদর্শন করেন ।
এসময় প্রায় দেড় বছর আগে শুরু হওয়া শিবগঞ্জের এই ব্রীজের কাজের মান ও গতি সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপজেলার দুর্লভপুর, মনাকষা ও বিনোদপুর সহ প্রায় ৬ টি ইউনিয়নের কয়েক লক্ষ মানুষের স্বপ্ন দ্রুত বাস্তবায়নের দাবী জানান । উপজেলার এসব ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি দূরীকরণ ও যাতায়াতের সুবিধার্থে এই ব্রীজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে শুরু হলেও রাজনৈতিক অস্থিরতা ও নির্মাণ সামগ্রী আমদানীসহ বিভিন্ন কারণে আশানুরূপ কাজ হয়নি।
তবে সামনের সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত এই কাজটি সম্পন্ন করা দরকার । একটি রাজনৈতিক দলের নেতা ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বের জায়গা থেকে জনগণের সুবিধার্থে তিনিও সরকারের সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে এ কাজটি দ্রুত শেষ করতে চেষ্টা অব্যাহত রাখবেন বলেও আশ্বাস দেন।
এসময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলাম সহ অন্য নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।


















