নিজস্ব প্রতিবেদক : দুই দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে রাজশাহীতে কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার (৫ মে) রাজশাহীর সব আদালতে এ কর্মবিরতি পালন করা হয়।
সকাল সাড়ে ৯ টা হতে বেলা সাড়ে ১১ পর্যন্ত কর্মবিরতি চলাকালে সব ধরনের বিচারিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকে। এসময় আদালতের কর্মচারীরা আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচিসহ র্যালি করেন। র্যালিটি আদালত প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করতে হবে। এছাড়া বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।
তারা বলেন, বিচার বিভাগের কর্মচারীদের প্রতি এমন বৈষম্যের কথা চিন্তা করে যদি আমাদের দাবী মেনে না নেওয়া হয়, তাহলে সামনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এতে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের ইবনে মাহবুব, রাজশাহী বিভাগের সভাপতি রুহুল আমীন , রাজশাহী জেলা সাধারণ সম্পাদক এ.কে.এম সোহেল রানা, আব্দুল আলিম, আতাউর রহমান প্রমুখবক্তব্য রাখেন।


















