নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দেন অভিভাবকরাও।
অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারীতা ও ঘুষ বাণিজ্যের অভিযোগে তুলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদের সামনে এ কম’সূচির আয়োজন করেন তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট তারা মৌখিক অভিযোগ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হেলালপুর মুসার ঈদগাহ মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক দীর্ঘদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছেন। তিনি ইতোপূর্বে অনেক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বানিজ্য করেছেন। এছাড়া বিদ্যালয়ে উন্নয়নের কথা বলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকটি পদে লোক নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন।
এ কারণে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিক অভিযোগও করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আবদুল খালেক অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারীতা, ঘুষ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, নিয়োগ দিয়ে যে টাকা পেয়েছি সে টাকা দিয়ে প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আমি মনে করি শিক্ষার্থীরা অযৌক্তিক দাবিতে সমাবেশ করেছে। তিনি আরো বলেন, কয়েকজন শিক্ষক ও অভিভাবক প্রতিহিংসা বশত অযৌক্তিক কারণে কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল। সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরামর্শ দেয়া হয়েছে।

















