রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাতনামার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেছেন। বুধবার (৩০ এপ্রিল) মধ্য রাতে তার বাসায় দূর্বৃত্তরা পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এসময় বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
সেসময় বাসার মধ্যে রাবি রেজিস্ট্রারের অসুস্থ বাবা, নারী ও শিশুরা অবস্থান করছিলেন। তবে কেউ হতাহত হননি। এদিকে এ ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন। কিন্তু গত তিন দিনেও এ ঘটনায় জড়িতদের কেউ গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, স্যার নিজে বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাটি আমরা তদন্ত করছি, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।
রাবি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, এই প্রশাসন একটা টিম। এখানে কারও ওপর অন্যায় আঘাত, সবার ওপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে যারা ককটেল নিক্ষেপ করেছে, তাদের শাস্তি পেতে হবে।
এ বিষয়ে অধ্যাপক মাসউদ বলেন, আমার সঙ্গে কারো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু গভীর রাতে বাসায় হামলা করা এটা ন্যাক্কারজনক। আমি অজ্ঞতনামা আসামি করে মামলা করেছি। আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের সনাক্ত ও তাদের শাস্তি নিশ্চিত করবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন নিয়ে গত কয়েকদিন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বিশ্ববিদ্যালয়টিতে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ড. মাসউদ অ্যালামনাই নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন।


















