অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের আদেশ দেন। সৈকতের রিমান্ডের আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্রোর পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন সালমান এফ রহমান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক পেশ করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই মিরপুর থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আসিফ। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান। এ ঘটনায় ওই বছরের ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন চার এবং সালমান এফ রহমান সাত নম্বর এজাহার নামীয় আসামি।
এদিকে আজ সকালে সৈকতকে আদালতে এনে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামারুজ্জামান সিকদার। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় সৈকত ২৬ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বছরের ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরের দিন পল্টনের রিকশা চালক হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে কারাগারে যাওয়ার পর পুনরায় কয়েকটি মামলায় তাকে রিমান্ডে রিমান্ডে পাঠানো হয়।


















