নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শ্যালকের হাতে দুলাভাই খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার (২২ মার্চ) সকালে নগরীর শাহ মখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম রুহুল আমিন (৪০)। তিনি কালুর মোড় এলাকার নজরুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত মিন্টু সম্পর্কে তার শ্যালক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারী গণমাধ্যমকে জানান, রুহুল আমিন ও মিন্টু সম্পর্কে দুলাভাই-শ্যালক। জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমি মাপতে গিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পযা’য়ে শ্যালক মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন।
এ সময় রুহুল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পরপরই অভিযুক্ত মিন্টু পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে। এ ঘটনায় থানায় মামলা হবে।


















