নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের চালান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। তাদের কাছ থেকে জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা বলে সূত্র জানিয়েছে।
পুলিশ জানায়, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা। নাজমা তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


















