নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আওয়ামীপন্থি শিক্ষক ও কর্মকর্তাসহ তিনজনকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৮ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে আরো বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্তকৃত শিক্ষক হলেন রুয়েটের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা শিদ্ধার্থ শংকর সাহা। বরখাস্তকৃত অন্য দুই কর্মকর্তা হলেন রুয়েটের প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলাম।
এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন দফতরের প্রকৌশলী ও ছাত্রলীগের সাবেক আহবায়ক প্রকৌশলী হারুন অর রশিদকে তার চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার নামেও জুলাই ছাত্র আন্দোলনে হামলায় ইন্ধন সহ নিয়োগ ও টেন্ডার বানিজ্যের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা, আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগও রয়েছে এদের বিরুদ্ধে। তবে ৫ আগস্ট পরবর্তী বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরখাস্তকৃত নাঈম রহমান নিবিড় ও মো. মহিদুল ইসলাম গত ৪ আগস্ট ধারালো অস্ত্রসহ রুয়েটের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের হত্যার উদ্দেশে ধাওয়া ও বোমা হামলায় সংশ্লিষ্টতা দৃশ্যমান হয়। পাশাপাশি ইতোপূর্বে বরখাস্তকৃত শিক্ষক সিদ্ধার্থ শংকরকে জুলাই বিরোধী অবস্থান, আন্দোলনে আহত ও নিহতদের অবমাননার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছিল। তাকে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে এবং পরবর্তীতে প্রশাসনের কাছে আবেদনপত্র দেয়।


















