নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে সব ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর।
সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক এক কর্মশালায় যোগ দেন বাহারুল আলম। এর আগে রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, একটা গোষ্ঠী চায় না যে আমরা স্থিতিশীল হই। তারা চেষ্টা করছে। এটা খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আইজিপি আরো বলেন, শুধু ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন তাদের ধরে আদালতে চালান দেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু হবে না। আমাদের যেটা করতে হবে, এই সরকারের প্রতিশ্রুতি, আমরা হিউম্যান রাইটস নিশ্চিত করে অপরাধ নিয়ন্ত্রণে আনব।
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, শুধু গত রাতে নয়, আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি। র্যাব, অ্যান্টি টেররিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে প্যাট্রল প্রোগ্রাম করবে। এভাবে দেখি উন্নতি হয় কি না, অন্যথায় আমাদের অন্য স্টেপ নিতে হবে।
বাহারুল আলম বলেন, ঢাকার অপরাধটা একটু আলাদা, সারা দেশের টপোগ্রাফির সঙ্গে মেলে না। আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।
অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধীর ধরা না পড়ার বিষয়ে আইজিপি আরো বলেন, কারা ধরা পড়ছে আপনারা দেখেন। চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ধরা পড়ছে। বিশেষত, জেলাপর্যায়ে ধরা পড়ছে।


















