নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরীর সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর নগরীর বিভিন্ন সড়ক ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এর আগে মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা ধরনের স্লোগান দেন।
সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য রাখন। তারা শনিবারের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার থেকে নগরীর তালাইমারী মোড়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
জানা গেছে, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরীর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও বিক্ষোভ সমাবেশ হয়।


















