নিজস্ব প্রতিবেদক : পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমআ নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিলটি বের করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে গণমিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠাগার সম্পাদক নাহিদুল ইসলাম। রাজশাহী মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী প্রমুখ।
এতে শিবিরের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ এই দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধীমতকে দমন-পীড়ন করে তারা ক্ষমতায় টিকে ছিল লুটপাটের জন্য। এই দেশে তাদের বিচার হতে হবে। বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।


















