নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেগউ যুবক আহত হয়েছেন। তার নাম হাবিল উদ্দিন (৩০)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত হাবিল তেলকুপি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তার পিঠে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি বলছে, হাবিল চিহ্নিত চোরাকারবারি। যদিও হাবিলের ভাবি সুলেখা খাতুনের দাবি, হাবিল চোরাকারবারি নন। অবৈধভাবে ভারতে প্রবেশও করেননি। সীমান্তে কৃষিকাজ করার সময় হাবিলকে গুলি করে বিএসএফ। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে পরিবারের সদস্যরা জানান, সীমান্তসংলগ্ন গম ক্ষেতে সেচ দিতে গিয়েছিলেন হাবিল। এসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, হাবিলের শরীরে এখনো গুলি রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলি বের করা হবে। গুলি বের না করা পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এদিকে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সাত-আটজন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে দুই-তিন রাউন্ড গুলি ছোড়ে। শব্দ শুনে তাৎক্ষণিক বিজিবি টহলদল সেখানে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকে। পরে জানা যায়, হাবিল নামের একজন বিএসএফের গুলিতে আহত হয়েছেন। বিজিবি আরো জানায়, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোনো কৃষক অবস্থান করছিল না।
এ ছাড়া এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে দুটি দল টহলরত অবস্থায় ছিল। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে এ ব্যাপারে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়। কিছুদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত ১০ জানুয়ারি বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছিলেন ওই সীমান্তে। পরে সীমান্তে বেড়া নির্মাণ, গাছ কাটা ও ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।


















