অনলাইন ডেস্ক : সচিবালয়ে আগুনের ঘটনাকে ‘সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ”
বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার দিবাগত রাতে আগুন লাগে। ছয় ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পোড়া সাত নম্বর ভবনেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অবস্থিত। মি. মাহমুদ ফেসবুকে লিখেছেন, “মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।”
আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না” যোগ করেন এই উপদেষ্টা। তিনি বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন জানিয়ে, যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসার কথাও বলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ এবং বিশ্বের সব ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্টিং করছেন সানজানা চৌধুরী।


















