স্পোর্টস ডেস্ক : টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর পর্বে ওঠা বাংলাদেশ কঠিন বাস্তবতার তেতো স্বাদ পেল এবার। ভারতের সামনে সেভাবে লড়াই জমাতেই পারল না তারা। অনূর্ধ্ব-১৯ উইমেন’স এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল ভারত। কুয়ালা লামপুরে বৃহস্পতিবার বাংলাদেশ ২০ ওভার খেলে করতে পারে মোটে ৮০ রান। ভারত জিতে যায় ৪৭ বল বাকি রেখেই।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা তোলেন ২৭ রান। তবে এই জুটি ভাঙার পর থেকে একের পর এক উইকেটের পতন হতে থাকে দ্রুত। তিন চারে ১৪ রান করে আউট হন ইভা, ১০ রানে ছোঁয়া। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি কিপার সুমাইয়া আক্তার ও অধিনায়ক সুমাইয়া আক্তার। আগের ম্যাচে ৪৫ রান করে ম্যাচ-সেরা হওয়া জান্নাতুল মাওয়া এবার করতে পারেন কেবল ৪। সেই ম্যাচে ১৯ বলে ৩১ রান করা সাদিয়া আক্তার এবার ফেরেন ২ রানেই।
১৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনারের পর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল ৯ নস্বরে নামা নিশিতা আক্তার নিশি (১০) ও দশে নামা হাবিবা ইসলাম। শেষ ওভারে ছক্কা ও চার মেরে ১১ রানে অপরাজিত থাকেন ইভা। ৮০ রানের পুঁজি নিয়ে ভারতকে আটকানো কঠিন। শুরুতেই যদিও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ভারতের ওপেনার জি কামালিনিকে শূন্য রানে ফেরান আনিসা আক্তার। তার শিকার হয়েই ১ রানে বিদায় নেন তিনে নামা সানিকা চালকে। তবে ভারত তাদের ব্যাটিং শক্তি দেখিয়ে দেয় এর পরই।
গোঙ্গাড়ি তৃষা ও নিকি প্রাসাদের স্ট্রোকের জোয়ারে ম্যাচ শেষ হয়ে যায় দ্রুতই। ১০ চারে ৪৬ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ-সেরা হন তৃষা। অধিনায়ক নিকি অপরাজিত থাকেন দুই ছক্কায় ১৪ বলে ২২ রান করে। বাংলাদেশের সেমি-ফাইনাল খেলার আশা অবশ্য এখনও শেষ হয়নি। শুক্রবার তারা লড়বে নেপালের বিপক্ষে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ৮০/৮ (ছোঁয়া ১০, ইভা ১৪, সুমাইয়া ৯, জান্নাতুল ৪, সুমাইয়া ১, আফিয়া ০, সাদিয়া ২, ফারজানা ৮*, নিশিতা ১০, হাবিবা ১১*; শাবনাম ৪-০-১৩-১, যোশিতা ২-০-১৪-০, পারুনিকা ৩-০-৮-০, আয়ুশি ৪-১-৯-৩, মিথিলা ৩-০-২৮-১, সোনাম ৪-১-৬-২)।
ভারত অনূর্ধ্ব-১৯: ১২.১ ওভারে ৮০/২(তৃষা ৫৮*, কামালিনি ০, সানিকা ১, নিকি ২২*; নিশিতা ৩.১-০-২৩-০, আনিসা ৪-১-১৯-২, ছোঁয়া ৩-০-২৩-০, আফিয়া ১-০-১৩-০, ফারজানা ১-০-৮-০)।


















