নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজির অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এতে আসামি হিসেবে ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে মামলাটি করেছেন। মুখলেছুর রহমানের বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৩ আগস্ট মামলার আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছিলেন। মামলার বাদী মুখলেছুর রহমান ওই পথ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। এরপর সেখানে সিরাজুল ইসলাম, শাহিনুর রহমান পিন্টু ও মো. জাহিদ নামের তিনজন তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, মুখলেছুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করেছেন। তাই ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। মুখলেছুর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তার পকেট থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেওয়া হয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে এ ঘটনা কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে।
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, মামলার আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। মামলাটি তদন্তের একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। #


















