অনলাইন ডেস্ক : অন্তর্র্বতী সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অন্তর্র্বতী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। পরে শপথ বইয়ে সই করেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
পরে ৯টা ২৮ মিনিটে অন্তর্র্বতী সরকারের ১৩ জন উপদেষ্টাও শপথ নেন। তবে তিন জন ঢাকার বাইরে থাকায় এতে উপস্থিত হতে পারেননি।
উপদেষ্টারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিধান রঞ্জন, সুপ্রদীপ চাকমা ও ফারুকী আজম ঢাকার বাইরে থাকায় আজ শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে সচিব জানান। #


















