অনলাইন ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুললেও তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে বুধবার (৭ আগস্ট) থেকে কারখানা খুলতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্যদের কারখানাগুলো।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী সদস্যদের জন্য এক বার্তায় বলেন, বর্তমান প্রেক্ষাপটে শিল্প কারখানা খোলা রাখার ঘোষণা থাকায় বুধবার থেকে আপনার শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করুন। উল্লেখ্য যে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার শ্রমিকদের সঙ্গে নিয়ে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও অনুরোধ জানাচ্ছি।
অন্যদিকে এ সংবাদ লেখা পর্যন্ত পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সদস্য কারখানাগুলো কাল খোলা হবে কি না তা নিয়ে বৈঠক চলছিল।
এর আগে বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন বলেছিলেন, পরিস্থিতি ভালো। মনে হচ্ছে কাল কারখানা খোলা যাবে। এমন চিন্তাভাবনা আমরাও করছি। সিনিয়র নেতাদের নিয়ে আজ আমরা বসবো।
বিতিনি বলেন, আমাদের অনেক ক্ষতি হয়েছে এ কয়েকদিনে। কিন্তু রপ্তানিতো বন্ধ রাখা যাবে না। তারপরও নিরাপত্তার স্বার্থে আজ খুলতে পারিনি। এটাও ক্ষতি।


















