নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে আটক করেছে র্যাব। আটককালে তাদের কাছ থেকে ৪৭ প্যাকেট তাস, নগদ ১ লাখ ৮৫ হাজার ৩৭০ টাকা, ২৪টি মোবাইল ফোন, ৩৫টি সিম কার্ড ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে নগরীর শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-৫ সদর দফতর থেকে বুধবার (১০ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটককৃতকৃতরা হলেন- সেলিম রেজা (৩৮), হাবিবুর রহমান বিপ্লব (৪২), আলীউল আজিম (৪২), সোহেল রানা (৩৫), মেহেদী হাসান দীপু (৩৬), আব্দুর রশিদ (৪৩), শফিকুল ইসলাম (৪৫), সাগর শেখ (৪২), বেলাল হোসেন (৫২), ছামিউল ইসলাম জনি (৩২), খোকন (৫০), শাহীন আলী (৪৩), হাবিবুর রহমান (৫৮), গিয়াস উদ্দিন (৪৫), মুক্তার হোসেন মুক্তা (৩৮), আলমগীর হোসেন (৪৫), সম্রাট (২৮), দীপক কুমার সরকার (৩৫), মাসুদ রানা (৩৮), হায়দার আলী (৬২), রফিকুল ইসলাম (৩৭) ও জিয়াউর রহমান (৩৪)।
র্যাব জানায়, র্যাব-৫ এর একটি দল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শিরোইলে থাকা ঢাকা বাসস্ট্যান্ডে গোধুলী মার্কেটের নিচতলায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে এসব নগদ অর্থ ও জুয়া খেলার উপকরণসহ ২২ জুয়াড়িকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা জুয়া আসরের মূলহোতা পলাতক আসামি আরিফ শেখের ভাড়া ঘরে তার তত্ত্বাবধানে প্রকাশ্যে টাকার বিনিময়ে নিয়মিত জুয়া খেলেন। তারা ঘটনার সময়ও জুয়া খেলছিলেন বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সকালে বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


















