নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার ভাই ও চাচাকে মারপিট ও হত্যাচেষ্টার মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে জেলার চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকার মো. ঈশার ছেলে মো. নাহিদ (২০), মো. আজিমের ছেলে মো. জয় (২১), মো. মিজানের ছেলে মো. মারুফ (২১), পলাশের ছেলে রাকেশ (২০) এবং মো. হাইদুলের ছেলে মাহি (২০)।
র্যাব জানায়, প্রায় পাঁচ মাস আগে একই এলাকার দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্ত বখাটেরা বিভিন্ন অশ্লীল কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে দুই স্কুলছাত্রীকে ইভটিজিং করেন। এ ঘটনার পর এক স্কুলছাত্রীর চাচা তাদের ইভটিজিং করতে নিষেধ করলে তাকে মারপিট শুরু করেন অভিযুক্তরা। আরেক স্কুলছাত্রীর বাবা এই বখাটেদের কাছে কৈফিয়ত চাইলে তারা তাকেও মারপিটের হুমকি দেন।
এ ঘটনার জেরে এক স্কুলছাত্রীর ভাই গত মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে অভিযুক্তরা অন্তত ২০-২৫ জনকে নিয়ে লোহার রড, জিআই পাইপ, চেইন এবং বাঁশের লাঠি দিয়ে তাকে রক্তাক্ত ও জখম করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ওই দিন রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারঘাট থানায় শ্লীলতাহানি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব সদস্যরাও এ ঘটনার ছায়া তদন্ত শুরু করেন। মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে বুধবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে র্যাব। পরে চারঘাট থানায় সোপর্দ করা হলে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
চারঘাট থানা পুলিশ জানিয়েছে, এই মামলায় অভিযুক্তদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।


















