নিজস্ব প্রতিবেদক : অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল এবং ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতির সাথে একাত্মতা প্রকাশ করে রোববার (৭ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রুয়েট ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক সব ধরণের কার্যক্রম থেকে বিরত থাকেন তারা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রুয়েটের নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন ও আহসান হাবীব। সভা পরিচালনা করেন রুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মুরাদ হোসেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দাবি হলো অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন বাতিল ও ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজন করা।
তারা আরো বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংকটের সুরাহা না হওয়ায় এবং দাবি না মানায় রোববার (৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হলো।


















