শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

‘টিম তারেক’-এ কারা থাকছেন

প্রতিবেদক
editor
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে নতুন সরকারে কারা থাকবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। চলছে শেষ মুহূর্তের কাটাছেঁড়া। দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার টিম তৈরি করছেন অনেকটা তারুণ্যনির্ভর করেই। তবে এক্ষেত্রে বাদ যাবেন না ইতঃপূর্বে সরকার পরিচালনায় অভিজ্ঞ মন্ত্রী ও সংসদ সদস্যরা। নির্বাচিত সংসদ সদস্যদের বাইরেও মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট কোটায় অন্তত তিনজন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সদস্যদের শপথের পর খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গভবনে অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, শুরুতে ছোট মন্ত্রিসভা নিয়ে যাত্রা করবে ‘টিম তারেক রহমান’। সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষে ঈদের পর মন্ত্রিসভার কলেবর বাড়ানো হবে।

নির্ভরযোগ্য একাধিক সূত্র ছোট টিমে যাদের স্থান হচ্ছে তার একটি ধারণাও দিয়েছেন। প্রথম পর্বের মন্ত্রিসভায় থাকছেনÑ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ড. ওসমান ফারুক, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এজেডএম জাহিদ, আসাদুল হাবিব দুলু, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জহির উদ্দিন স্বপন, শাহরিন ইসলাম তুহিন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, ড. রেজা কিবরিয়া, আন্দালিভ রহমান পার্থ, নুরুল ইসলাম নুর, শামা ওবায়েদ ও সাচি প্রু জেরী। টেকনোক্র্যাট কোটায় থাকবেনÑ ড. ইসমাঈল জাবিউল্লাহ, মাহাদী আমিন ও হুমায়ুন কবির।

ধীরে ধীরে এই তালিকায় যুক্ত হতে পারেন জয়নুল আবদিন ফারুক, আলতাফ হোসেন চৌধুরী, নিতাই রায় চৌধুরী, নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমা মিনু, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল ও ডা. আলমগীর পাভেল। আলোচনায় রয়েছে আরও অন্তত এক ডজন সংসদ সদস্যের নাম।

সংবিধানের ৫৬(১) ধারায় বলা হয়েছে, ‘একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন। (২) প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন: তবে শর্ত থাকে যে, তাহাদের সংখ্যার অন্যূন নয় দশমাংশ সংসদ সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন’। এই বিধান অনুযায়ী মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত করতে হলে কমপক্ষে ৩০ জন সদস্য নিয়ে যাত্রা করতে হবে। ধারণা করা হচ্ছে, প্রথম দফায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা এমনই থাকবে।

সংসদের স্পিকার, চিফ হুইপও ঠিক করা হচ্ছে

মন্ত্রিসভার মতো জাতীয় সংসদ পরিচালনার জন্যও যোগ্য ব্যক্তি মনোনয়নে মনোনিবেশ করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো কিছু জানানো না হলেও দলের চেয়ারম্যান অভিজ্ঞদের দিয়েই আইনসভা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সে ক্ষেত্রে যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পাবেন জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ পদে।

জাতীয় সংসদের স্পিকার আইনসভার প্রধান এবং ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তিনি রাষ্ট্রের তৃতীয় ব্যক্তি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সরকারের একজন মন্ত্রীর সমান পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। জাতীয় সংসদের চিফ হুইপও একজন পূর্ণ মন্ত্রীর সমান পদমর্যাদা, বেতনভাতা ও সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এ ছাড়া হুইপরা প্রতিমন্ত্রীর সমান পদমর্যাদা, বেতনভাতা, সুযোগ-সুবিধা ও প্রটোকল পেয়ে থাকেন।

জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। গতকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা না হলেও এই পদে অভিজ্ঞ অনেকেরই নাম আলোচনায় আসছে। বিশেষ করে স্পিকার পদে আলোচিত হচ্ছেন জয়নুল আবদিন ফারুকের নাম। তিনি এই নিয়ে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চবার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তিনি অন্যতম।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত