নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
পড়াশোনা শেষ করে যাতে কোনো যুবককে বেকার থাকতে না হয় সেজন্য কলকারখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। বুধবার দুপুরের দিকে নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জনগণের অধিকার খর্ব হয় এমন কাজ বিএনপি করবে না। মহানগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবি আমি জানি। নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী সদর এলাকা আজ পিছিয়ে পড়েছে। যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নই হবে অগ্রাধিকার।
গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষ মিজানুর রহমান মিনুর সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসময় মিনু এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
১২ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে মিনু নেতাকর্মীদের নিয়ে ২২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, দোকানপাটে গণসংযোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা হাতে লিফলেট নিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


















