নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বেেছন, আপনারা দয়া করে আপনাদের জায়গায় থাকেন। আপনার মান ইজ্জত, মর্যাদা আপনিই রক্ষা করবেন। প্রার্থীরা এমপিদের আশীর্বাদ পুষ্ট হয়ে কারও সুবিধা নিলে দয়া করে সরে আসেন। এরকম অবস্থা যদি দাঁড়ায়, যদি অভিযোগ আসে তাহলে প্রার্থিতা বাতিলও হতে পারে। এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৪ মে) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। প্রভাবশালী ব্যক্তিরা এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে। ভোটারবিহীন নির্বাচনে কোনো আনন্দ নেই, সৌন্দর্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।


















