নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগর শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছয় হাজার মোটরসাইকেল নিয়ে বণা’ঢ্য র্যালি করেছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ র্যালিটি শুরু হয়। এরপর নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়। এছাড়া জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সে সকল সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইশতেহার রেডী করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে রাজশাহী নগরীকে প্রতিষ্ঠিত করা হবে।
শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেন জামায়াতের রাজশাহী মহানগরী নায়েবে আমির আবু মুহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


















