নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে জামায়াত নেতারা বলেছেন, একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। জুলাই সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আলুপট্রি এবং জিরো পয়েন্ট থেকে নিউমার্কেট রোড পযন্ত মানববন্ধন ও সমাবেশে তারা একথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ায় একদলীয় শাসনব্যাবস্থা বিলুপ্ত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আমরা আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চাই না। আমরা চাই সকল ভােটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার ও রাজনৈতিক দৃর্বৃত্তায়ন কমে যাবে।
বক্তারা আরো বলেন, ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন, তার মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। বিশ্বের অনেক উন্নত দেশে এই পি.আর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম , নায়েবে আমির ও রাজশাহী-২ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখমুখ।


















