শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসু নির্বাচন : প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল থেকে প্রচারণা

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)। আর চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) । সেই দিন থেকেই প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাকসু নির্বাচনে নয়টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্রসংগঠন বা স্বতন্ত্র প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।
কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী- এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত নয়টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ‘রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ক্যাম্পাসে আলোচনা আছে, ঘোষিত প্যানেলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছয়টি প্যানেলের মধ্যে। এই প্যানেলগুলোর শীর্ষ পদের মধ্যে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ও সহসাধারণ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এস এম সালমান সাব্বির।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও এজিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।

রাকসু ফর র‍্যাডিক্যাল চেঞ্জ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম। তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী।

রাকসুর সর্বশেষ জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, আজই শেষ হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহার। আর চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করা হবে আগামীকাল। প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে আচরণবিধি মেনে কাল থেকেই প্রচারণা করতে পারবেন।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ সেপ্টেম্বর; ওই দিনই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ - অন্যান্য