বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৫১ বছর বয়সী মোর্শেদ খান

প্রতিবেদক
editor
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার সবার নজর কাড়ছেন ৫১ বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বয়স ৫১ বছর হলেও মোর্শেদ খান এখনো বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষার্থী এবং রাকসু প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছেন।

শাহরিয়ার মোর্শেদ খানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি চার সন্তানের জনক। তার এক মেয়ের স্বামীও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগে অধ্যয়ন করছেন। পারিবারিক জীবনে দায়িত্ব পালন করেও মোর্শেদ খান নিজের শিক্ষাজীবনকে চালিয়ে যাচ্ছেন।

তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার আগে তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়ন করতেন। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় পড়াশোনা শেষ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর আবারও উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

৫১ বছর বয়সী এই প্রার্থী জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই তরুণ প্রার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। অভিজ্ঞতা দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।’

তিনি আরও বলেন, দীর্ঘ বিরতির পর একটা সময় মনে হলো আবার পড়াশোনা শুরু করা দরকার। তখন আমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আবার পড়াশোনা শুরু করি। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিই। তারপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হই। সবচেয়ে প্রবীণ প্রার্থী মোর্শেদ খান রাকসুর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তার অংশগ্রহণ রাকসু নির্বাচনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ তার অভিজ্ঞতা ও পরিণত দৃষ্টিভঙ্গি ছাত্র সংসদের কাজে ভিন্নমাত্রা আনতে পারে বলে তাদের বিশ্বাস।

সর্বশেষ - অন্যান্য