রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরো একদিন সময় বাড়ানো হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তীকরণে দফায় দফায় কর্মসূচি করে শাখা ছাত্রদল। এছাড়া গত ৩১ আগস্ট শাখা ছাত্রশিবিরও এ বিষয়ে একমত পোষণ করে।
এদিকে, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরো একদিন বাড়িয়ে ৩ সেপ্টেম্বর করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।


















