নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে জেলার মোহনপুর উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি হিমাগার কর্তৃপক্ষের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
হিমাগার কর্তৃপক্ষ জানায়, গভীর রাতে ২০-২৫ জনের একদল ডাকাত হিমাগারে হানা দেয়। তারা ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয় ডাকাতেরা। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান গণমাধ্যমকে জানান, ‘ডাকাত দল তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজান। এসময় অন্য শ্রমিকেরাও মুক্ত হন।’
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে জানান, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। তদন্ত চলমান। এছাড়া এ ঘটনায় হিমাগার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’


















