নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গত মাসের (মে-২০২৪) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বেলা ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম। অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত মে মাসেও পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।
সভায় পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















