নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এই সাত আসামি দিনাজপুরে গিয়ে লুকিয়েছিলেন। তারা ভারতে পালানোরও পরিকল্পনা করছিলেন। এরই মধ্যে খবর পেয়ে রাজশাহী থেকে র্যাবের একটি দল গিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হত্যা মামলার এক থেকে সাত নম্বর পর্যন্ত এজাহারভুক্ত আসামি। তাদের রাজশাহী আনা হোয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা গ্রামের আশরাফুল ইসলাম (৬০), তার ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), নারায়ণপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), তার ভাই সাদ্দাম হোসেন (৩৭) এবং মফিজুলের দুই ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার (৬ জুলাই) বিকেলে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে মনিরুল ইসলাম (৪৭) নামের এক ডেকোরেটর ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটে। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে রাতে তিনি মারা যান। এ ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা রুজু করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করল র্যাব।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা দিনাজপুরে গিয়ে প্রধান আসামি আশরাফুলের চাচার বাড়িতে লুকিয়ে থাকেন। মঙ্গলবার রাতের মধ্যেই কেউ কেউ সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন। আর কয়েকজন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

















