নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর মতিহার থানাধীন বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ১০ মাস পর সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম ইমন। তিনি কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে।
পুলিশ জানায়, একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় সোমবার (১৬ জুন) সকালে নগরী থেকে ইমনকে গ্রেফতার করে কাটাখালি থানা পুলিশ। পরে জানা যায়, তিনি ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, ইমনকে অটো ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, তিনি পূর্বের একটি ছিনতাইয়ের সাথেও জড়িত। যেহেতু ওই ছিনতাইয়ের মামলাটি মতিহার থানায়, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কাটাখালি ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মোঃ হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমাকৃত ১০ লাখ ৭২ হাজার টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দুইটি মোটরসাইকেলযোগে আসা ৩/৪ জন ব্যক্তি তার অটোরিকশার গতিরোধ করে।
অভিযুক্তরা চাকু দেখিয়ে তাকে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।ওই ঘটনার পরদিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ইসলামী ব্যাংক এজেন্ট শাখার টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার বাদী আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার গণমাধ্যমকে জানান, তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরো জানান, প্রয়োজন হলে ইমনের রিমান্ড চাওয়া হবে।


















