রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মোহাম্মদ তৌফিক আলম, অধ্যাপক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালনের নিমিত্তে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
এ বিষয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. তৌফিকুল আলম বলেন, ‘কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। তাই এখনও বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। আগে সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নিই, শিক্ষার্থীদের সঙ্গে মিশে নেই—তারপর কথা বলা যাবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
এর আগে, গত বছরের ৩০ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
অধ্যাপক মো. তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ থেকে ১৯৮৬ ও ১৯৮৭ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৭ সালে তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এবং ২০০২ সালে জাপানের টোকিও ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি প্রভাষক হিসেবে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে যোগ দেন এবং ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
তাঁর ২টি গ্রন্থের অধ্যায় এবং ৪৩টি প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি ৩০টিরও বেশি আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাঁর তত্ত্বাবধানে বেশ কিছু গবেষণা সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ—এই তিনজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


















