নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১১ মে) ভোররাতে র্যাবের একটি দল কক্সবাজারের সুগন্ধা লাইটহাউসপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। র্যাব-৫ রাজশাহী এ্ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ১৪ এপ্রিল উপজেলার আমগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত হন মকবুল হোসেন। সেদিন অনৈতিক সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিএনপির দুই পক্ষ।
র্যাব জানায়, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। পরে ছায়াতদন্ত শুরু করে র্যাব। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


















