অনলাইন ডেস্ক: বাংলাদেশের জলবায়ু কর্মপরিকল্পনা বাস্তবায়নে ৮৭৬ বিলিয়ন ডলার প্রয়োজন এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ২০৫০ সালের মধ্যে অভিযোজনের জন্য ২৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। এছাড়া, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের জন্য ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা (এমসিপিপি) এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর জন্য চিহ্নিত অগ্রাধিকার প্রকল্পগুলোর বাস্তবায়নের জন্য ৪৭১.৭২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এ লক্ষ্যে উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের জন্য সরকার বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারত্ব গঠন করেছে।

সাবের চৌধুরী বলেন, উন্নত দেশগুলোর নৈতিক এবং আইনগত দায়িত্ব রয়েছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জলবায়ু কর্মে সহায়তা করার। আন্তর্জাতিক অংশীদারদের পর্যাপ্ত এবং প্রবেশযোগ্য আর্থিক সহায়তা প্রদান করার আহ্বান জানান তিনি। একই সময়ে আমাদের সবুজ বন্ড, জলবায়ু বিমা এবং পাবলিক-প্রাইভেট অংশীদারত্বের মতো উদ্ভাবনী অর্থায়নের উৎসগুলো অন্বেষণ করার কথা বলেন।


















