অনলাইন ডেস্ক : প্রতিবেশী দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা লেগেছে থাইল্যান্ডেও। দেশটির রাজধানী ব্যাংককসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর-গ্রামে প্রাণহানি এবং বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী শহর ব্যাংককে। শহরজুড়ে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে। এর মধ্যে জনপ্রিয় বাণিজ্যিক এলাকা চাতুচাকের একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যে ভবনটি পুরোপুরি ধসে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে সেই ধসে পড়ার চিত্র ইতোমধ্যে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। থাইল্যান্ডের দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাতুচাকের সেই ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়েছেন ৪৭ জন কর্মী। তাদের মধ্যে অন্তত ১৫ জনের এখনও জীবিত থাকার আলামত পেয়েছেন উদ্ধারকারী বাহিনীর কর্মীরা।


















