নিজস্ব প্রতিবেদক, বাঘা : যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ ইসলামী ছাত্রশিবিরের বাঘা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাঘা শাহী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জানা গেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল গাজাবাসীর উপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সহস্রাধিক ফিলিস্তিনি নাগরিক শাহাদাত বরণ করেন। এরই প্রতিবাদে বাঘায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সমাবেশে ফিলিস্তিনিবাসীকে রক্ষায় মুসলিম দেশগুলোকে গাজায় সেনা পাঠানোর দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে ‘রমজানে হামলা কেন, নেতানিয়াহু জবাব দাও’, ‘যুদ্ধবিরতিতে হামলা কেন, ইসরাইল জবাব দাও’, গাজায় হামলা কেন, আমেরিকা জবাব দাও’, ‘বিশ্ববাসী এক হও, গাজা দখল রুখে দাও’, ‘ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
এসময় ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি করিয়ে ফিলিস্তিনিদের যুদ্ধ বিধ্বস্ত গাজার লোকালয়ে জড়ো করেছিলেন। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাতে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহ এলাকা জুড়ে তাদের ওপর ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে।
কর্মসূচিতে ছাত্রশিবিরের বাঘা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















