বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কলাম/মতামত
  6. কৃষি
  7. খেলা
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নামাজের সময়সূচি
  11. নারী ও শিশু
  12. প্রচ্ছদ
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ সংবাদ

নিজ বিভাগ থেকে চেয়ারম্যান নিয়োগের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসন ভবন ঘেরাও

প্রতিবেদক
editor
মার্চ ৬, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে বহিরাগত শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিভাগটির অভ্যন্তরীণ যোগ্য ও দক্ষ শিক্ষকদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসন ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ‘অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিভাগের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত নিতে হবে।’

এ সময় শিক্ষার্থীরা, ‘দাবি মোদের একটাই—নিজ বিভাগের চেয়ারম্যান চাই’, ‘মানি না মানবো না’, ‘অন্য বিভাগের চেয়ারম্যান মানবো না’, ‘নিজের ঘরে পরের শাসন, মানি না মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আমাদের বিভাগে যোগ্যতাসম্পন্ন শিক্ষক থাকার পরও অন্য বিভাগ থেকে কেন চেয়ারম্যান আনতে হবে? বিভাগের শিক্ষকেরা আমাদের বুঝতে পারেন, আমরাও তাদের বুঝতে পারি। তাই আমাদের একটাই দাবি—নিজ বিভাগের চেয়ারম্যান চাই।’

আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘বিভাগ এর আগে অন্য চেয়ারম্যান গ্রহণ করেছে, কিন্তু আশানুরূপ উন্নয়ন আমরা পাইনি। এজন্য নিজের ঘরের দায়িত্ব অন্যকে দিয়ে খাল কেটে কুমির আনতে চাই না। এটি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

এর আগে, বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজু সরদারকে বিভাগের সভাপতির রুটিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেনকে স্বপদে ও স্ববেতনে প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হলো।

এতে আরও বলা হয়, প্রেষণে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে যোগদানের তারিখ থেকে প্রচলিত বিধি অনুযায়ী আগামী ০৩ (তিন) বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা মাত্র হারে সম্মানী পাবেন।

সর্বশেষ - অন্যান্য