নিজস্ব প্রতিবেদক : মিথ্যা মামলা, হয়রানি ও আ’লীগ নেতাদের দিয়ে হুমকির প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন স্যানভ্যালি লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসিফ মাহফুজ সনি। শনিবার (১ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর একটি কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহফুজ সনি অভিযোগ করেন, সিনথিয়া সিফাত নামের এক নারী তার বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তিনি জানান, ২০১৪ সালে সিনথিয়া সিফাত ও লন্ডনপ্রবাসী ক্যাপ্টেন মাহমুদুল আমিন যৌথভাবে তার কোম্পানির একটি অ্যাপার্টমেন্ট বুক করেন। দীর্ঘমেয়াদি লেনদেনের পর ভবন নির্মাণ সম্পন্ন হলে, সিনথিয়া সিফাত এককভাবে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন, যা চুক্তির পরিপন্থী।
তিনি আরো বলেন, ক্যাপ্টেন মাহমুদুল আমিন একাধিকবার জানিয়েছেন যে তিনি সিনথিয়া সিফাতের সঙ্গে ফ্ল্যাট রাখতে চান না। কিন্তু সিনথিয়া সিফাত একক মালিকানা দাবি করে রাজনৈতিক পরিচিতি কাজে লাগিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন।
আসিফ মাহফুজ সনি জানান, ২০২৩ সালে তিনি সিনথিয়া সিফাতের বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে জালিয়াতির মামলা করেন। তদন্ত শেষে সিআইডি প্রমাণ করে যে সিনথিয়া সিফাত ও তার সহযোগী আবু তালহা রায়হান মিথ্যা কাগজপত্র তৈরি করেছেন, যার ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
তিনি অভিযোগ করেন, ঢাকায় তার করা মামলার পাল্টা প্রতিশোধ নিতে সিনথিয়া সিফাত রাজশাহীতে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয়, রাজশাহীর আ’লীগ ও যুবলীগের একাধিক নেতার কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। পরে আ’লীগ ও যুবলীগের ওই নেতারা আমাকে হুমকি দিয়েছেন। সিনথিয়া সিফাতের বিপক্ষে গেলে তার অসুবিধা আছে বলেও হুমকি দিয়েছেন আ’লীগ ও যুবলীগের ওই নেতারা।- বলেন ভুক্তভোগী আসিফ মাহমুদ সনি।
তিনি আরো বলেন, আমি একজন সুনামধন্য ব্যবসায়ী। আমাদের কোম্পানি রাজশাহীতে ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করে ৪৭টি হস্তান্তর করা হয়েছে। যদি আমরা প্রতারক হতাম, তাহলে এতোগুলো ফ্ল্যাটের মালিকানা বুঝিয়ে দিতে পারতাম না।
এসব অভিযোগের বিষয়ে জানতে মোবাইলে সিনথিয়া সিফাতের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির এমডি ও জমির মালিক আসিফ মাহফুজ সনির বাবা ও তার বন্ধু উপস্থিত ছিলেন।


















