অনলাইন ডেস্ক : এসএমএসে সাড়া না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। পরপর তিনবার এসএমএসের মাধ্যমে শুনানিতে ডাকা হতে পারে এনআইডি সংশোধন আবেদনকারীকে।
সম্প্রতি ইসির এনআইডি সেবা সহজকীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটি প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এরইমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো [বিশেষ করে (গ) ও (খ) ক্যাটাগরি] নিস্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল (ক্ষমতা) দিয়ে একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে হবে।
একইসঙ্গে অন্যান্য ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনসমূহ নিষ্পত্তিতে অনুসরণ করতে হবে টাইম বাউন্ড স্ট্রাকচার।
এছাড়া সময়ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদনকারী সাড়া না দিলে ধারাবহিকভাবে তিন বার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে। সূত্র: ইনকিলাব


















