নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে নতুন আরো তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি তিনি। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে তোলা হয়েছিল। এসময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত আসাদকে মামলাগুলোতে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জিআরও কার্যালয় সূত্র জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই করা হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট করা হয়। এসব মামলায় গ্রেফতার দেখাতে তাকে মোহনপুর থানার আমলী আদালতে তোলা হয়েছিল।
এ দিন আসাদের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন। আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার আসাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদকে গ্রেফতার দেখানো হলো।’
পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেফতার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে ছাত্র জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন।


















